এ সম্পর্কিত আরও খবর
ছুটির দিনে উৎসবমুখর ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ঢলে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে ৩০ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
শুক্রবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই রাজধানীর পূর্বাচলে অবস্থিত মেলা প্রাঙ্গণে ক্রেতা ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়ে মেলার প্রতিটি করিডোর, প্যাভিলিয়ন ও খোলা চত্বর ছিল প্রাণচঞ্চল্যে ভরপুর।
ছুটির সুযোগ কাজে লাগিয়ে নানা বয়সী মানুষ মেলায় আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তুলনামূলক স্বস্তিতে চলাচল করা গেলেও বিকেলের পর দর্শনার্থীর সংখ্যা দ্রুত বেড়ে যেতে থাকে। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আমেজ। আলোকসজ্জা, স্টলগুলোর সাজসজ্জা এবং দর্শনার্থীদের কোলাহলে মেলাটি যেন একটি পারিবারিক বিনোদন কেন্দ্রে রূপ নেয়।
মেলায় অংশগ্রহণকারী দেশীয় ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্যাভিলিয়নগুলোতে ছিল দর্শনার্থীদের কৌতূহল। হস্তশিল্প, পোশাক, মাটির তৈজসপত্র, গৃহস্থালি সামগ্রী, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স ও খাদ্যপণ্যের স্টলগুলোতে তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে। বিশেষ করে দেশীয় স্টলগুলোতে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে বিক্রি সাধারণ দিনের তুলনায় অনেক ভালো হচ্ছে। একাধিক স্টল মালিক বলেছেন, দর্শনার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির গতি বেড়েছে, যা তাদের প্রত্যাশা পূরণে সহায়ক হচ্ছে। একজন উদ্যোক্তা বলেন, “ছুটির দিনে মানুষ বেশি সময় নিয়ে ঘোরে, পণ্য দেখেশুনে কিনছে।”
মেলায় আগত দর্শনার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাজধানীর মিরপুর থেকে পরিবার নিয়ে আসা এক দর্শনার্থী বলেন, “এক জায়গায় দেশি-বিদেশি নানা পণ্য দেখার সুযোগ থাকায় বাণিজ্য মেলায় আসতে ভালো লাগে। শিশুদের বিনোদনের ব্যবস্থাও থাকায় পরিবার নিয়ে সময়টা উপভোগ করা যায়।”
শিশুদের জন্য আলাদা ফান জোন, নাগরদোলা, রাইড ও বিনোদনমূলক আয়োজন সাপ্তাহিক ছুটিতে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শিশুদের আনন্দ আর অভিভাবকদের ব্যস্ততায় পুরো মেলা প্রাঙ্গণ ছিল সরব। অনেক পরিবারই বিকেল থেকে রাত পর্যন্ত সময় কাটাচ্ছেন মেলায়।
দর্শনার্থীদের বাড়তি চাপ সামাল দিতে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের তৎপরতা দেখা গেছে। একই সঙ্গে যানজট এড়াতে পার্কিং ব্যবস্থাপনা ও যাতায়াত ব্যবস্থাও তদারকিতে রাখা হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের এমন উপস্থিতি অব্যাহত থাকলে এবারের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সাধারণ মানুষের বিনোদন ও পারিবারিক সময় কাটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন