এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:৫৯ এএম
-
ছবি: সংগৃহীত
জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া এবং মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ ধারার আওতায় পরিচালিত তদন্ত শেষে এ প্রস্তাব প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি রোধে অনেক বাণিজ্য অংশীদার দেশের ব্যর্থতা মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে। তার ভাষায়, বৈশ্বিক বাণিজ্যে এ ধরনের শ্রমচর্চা কোনোভাবেই উৎসাহিত হওয়া উচিত নয়।
ইউএসটিআর বাংলাদেশ, ভারত, চীন, জাপান, যুক্তরাজ্য, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ ৫৪টি দেশকে এমন দেশ হিসেবে চিহ্নিত করেছে, যারা জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারেনি। একই কারণে কানাডা, মেক্সিকো ও পাকিস্তানসহ আরও ছয়টি দেশের নামও তালিকায় রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, যেসব দেশের আংশিক আমদানি নিষেধাজ্ঞা রয়েছে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি আছে, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। আর যেসব দেশের সঙ্গে এমন কোনো চুক্তি নেই, তাদের ক্ষেত্রে শুল্কের হার ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে এই সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না। জনমত গ্রহণ ও পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৬ জুলাই পর্যন্ত লিখিত মতামত জমা দেওয়া যাবে এবং ৭ জুলাই থেকে ‘সেকশন ৩০১’ প্যানেলের গণশুনানি শুরু হবে।
ইউএসটিআর জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর বাণিজ্য কৌশলের অংশ, যা ভবিষ্যতে নির্দিষ্ট দেশভিত্তিক স্থায়ী শুল্ক কাঠামো তৈরির পথ সুগম করতে পারে।
এদিকে পৃথক একটি প্রস্তাবে নির্দিষ্ট কিছু দেশ থেকে সীমিত পরিমাণ তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্য কম শুল্কে আমদানির সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে ইউএসটিআর। তবে এ সুবিধার আওতা ও কোটার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন