এ সম্পর্কিত আরও খবর
টানা বৃষ্টিতে ভূমিধসের তাণ্ডব, তিন দিনে চট্টগ্রাম নিহত ২২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
-
ছবি: সংগৃহীত
টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও দেয়াল ধসের ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার কক্সবাজারে পাঁচজন এবং চট্টগ্রামে দুই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর একটি মহিলা হিফজ মাদ্রাসায় প্রতিরোধক দেয়াল ও মাটি ধসে পাঁচ ছাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। সবাই ক্যাম্প-৫-এর বাসিন্দা।
বুধবার দুপুর ২টার দিকে ভারী বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢালে নির্মিত একটি প্রতিরোধক দেয়াল ধসে মাদ্রাসার ওপর পড়ে। সে সময় ভেতরে প্রায় ৩০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন, এপিবিএন ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যায় অভিযান শেষ হলে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত তিন কিশোরীকে কুতুপালং ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মোট ৩০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে এবং তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামেও পৃথক দুটি ভূমিধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে জঙ্গল সেলিমপুরের বাগানবাড়ি এলাকায় ভূমিধসে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম নিহত হয়। এ ঘটনায় তার মা লামিয়া আক্তার আহত হন। পরে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় আরেকটি ভূমিধসে ১৩ বছর বয়সী সামিয়া ইসলাম মারা যায়।
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে ভূমিধস ও দেয়াল ধসের ঘটনায় পাঁচজন নিহত হন। আর রবিবার রাতে কক্সবাজারে পৃথক ঘটনায় প্রাণ হারান আরও ১০ জন। তাদের মধ্যে আটজন ছিলেন রোহিঙ্গা শরণার্থী, একজন কক্সবাজার সদর এবং একজন পেকুয়া উপজেলার বাসিন্দা।
টানা বর্ষণে কক্সবাজারসহ পার্বত্য অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বন্যার পানিতে বিভিন্ন সড়ক ও রেলপথ তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন