এ সম্পর্কিত আরও খবর
দেশের বাইরে বিজয় দিবস উদযাপন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
দেশের বাইরে বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল মিশনে আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এসকল অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিটি মিশনের অনুষ্ঠানেই প্রথমবারের মতো প্রবাসীদের ভোট প্রদানের সুযোগের বিষয় গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয় এবং সবাইকে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যথানিয়মে ভোট প্রদানের অনুরোধ জানান হয়।
টোকিও মিশন জানিয়েছে, নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করেছে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। বিকেলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত মো. দাউদ আলী তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি প্রবাসী ভোটারদের আগামী জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে উৎসাহিত করেন এবং পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন বিষয়ে বিশদ আলোচনা করেন।
রোম মিশন জানিয়েছে, যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস রোমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে দূতাবাসের সকলের উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে, দিবসটির উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। পরবর্তীতে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী, ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম বিশিষ্ট ইতালীয় নাগরিকদের অংশগ্রহণে ‘বিজয়ের ৫৪ বছর’ শীর্ষক একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী সকল শহীদদের এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা অনুষ্ঠানে, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন, উন্নীত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীরাও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৌদি আরব থেকে রিয়াদ মিশন জানিয়েছে, সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এসময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথম বারের মতো পোস্টাল ভোটে নিবন্ধন করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন সকলের প্রতি আহ্বান জানান।
পাকিস্তান থেকে ইসলামাবাদ মিশন জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ আজ যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষ্যে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এবং প্রবাসী বাংলাদেশীরাও এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন। দূতালয় প্রাঙ্গণ বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে সুসজ্জিত করা হয়।
আলজিয়ার্স এর মিশন জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস আলজিয়ার্স-এর আয়োজনে ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা, উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে 'মহান বিজয় দিবস-২০২৫' উদযাপন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ প্রবাসী বাংলাদেশিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে চ্যান্সারি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা তার বক্তব্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের বহুবিধ সংস্কার কার্যক্রম তুলে ধরেন এবং এই সংস্কার কার্যক্রমকে অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুযোগের বিষয়ে উল্লেখ করেন এবং সবাইকে নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে যথানিয়মে ভোট প্রদানের অনুরোধ করেন। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন