এ সম্পর্কিত আরও খবর
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
-
ছবি: সংগৃহীত
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করেছে দেশটির সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভে মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ২,৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শহীদদের মধ্যে বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা কর্মীরাও রয়েছেন।
ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান টেলিভিশনকে বলেছেন, “যারা সরকারি বা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, দাঙ্গা-সন্ত্রাসে লিপ্ত ছিল তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। শহীদদের তালিকা অনেক বড়, যেখানে সাধারণ বেসামরিক আন্দোলনকারী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা-কর্মীরাও রয়েছেন। এই তালিকা প্রমাণ করে যে সরকার বিক্ষোভকারীদের প্রতি সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করেছে।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছে ৪,৫৬০ জন। সংস্থার অনুযায়ী, তারা দেশভিত্তিক তাদের নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
কিছু সূত্রের বরাতে বলা হচ্ছে, নিহতের সংখ্যা ১৫ হাজারের বেশি হতে পারে। গত ১৮ জানুয়ারি এক সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন, অন্তত ৫,০০০ জন প্রাণ হারিয়েছেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বৃদ্ধির প্রতিবাদে। কয়েক দিনের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যার তীব্রতা দিনকে দিন বাড়তে থাকে।
দমন-পীড়নের অংশ হিসেবে ইরান ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করেছে। এর ফলে বর্তমানে বিক্ষোভ-উত্তেজনা অনেকটা প্রশমন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন