এ সম্পর্কিত আরও খবর
‘নতুন জাতিসংঘ’ তৈরি করতে চাইছেন ট্রাম্প: ব্রাজিলের প্রেসিডেন্ট
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ এএম
-
ছবি: সংগৃহীত
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’কে কঠোর সমালোচনা করেছেন। তার মতে, ট্রাম্প এই বোর্ডের মাধ্যমে মূলত একটি ‘নতুন জাতিসংঘ’ গড়ার চেষ্টা করছেন।
লুলা বলেছেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে ট্রাম্প এমন একটি সংস্থা তৈরির পরিকল্পনা করছেন, যার মালিক তিনি নিজেই হবেন। বোর্ডে স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি ডলার দিতে হবে এবং চেয়ারম্যান পদটি ট্রাম্পের দখলে থাকবে। প্রবীণ এই বামপন্থি নেতাও অন্যান্য দেশের নেতাদের মতো এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প এই ‘বোর্ড অব পিস’-এর পরিকল্পনা উন্মোচন করেন। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন। লুলা বিশ্ব রাজনীতিতে শক্তি প্রদর্শনের পরিবর্তে বহুপক্ষীয় সম্পর্কের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ মন্তব্যের ঠিক এক দিন আগে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন, যেখানে শি জিনপিং জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখার ওপর জোর দেন।
প্রাথমিকভাবে বোর্ডের লক্ষ্য গাজা পুনর্গঠনের তদারকি হলেও, সনদ অনুযায়ী এর কার্যপরিধি শুধু ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। বরং এটি সরাসরি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হওয়ার ইঙ্গিত দেয়।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্স ও ব্রিটেনও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে লন্ডন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বোর্ডে অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে, কারণ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তারা এটি মেনে নিতে পারছে না। অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, এই পরিষদের বর্তমান সনদ তাদের আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতিসংঘের সদস্যপদ শর্তের সঙ্গে সাংঘর্ষিক।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন