এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলের সংসদে ভাষণ দিয়ে দৃঢ় সমর্থন ঘোষণা নরেন্দ্র মোদির
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছে প্রথম দিনই দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইসরাইলের প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে মোদি বলেন, কোনো লক্ষ্য বা আদর্শই নিরপরাধ বেসামরিক মানুষের হত্যাকে ন্যায্যতা দিতে পারে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসরাইলে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু ভারতকে ‘ভরসার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং মোদিকে ‘বন্ধুর চেয়েও বেশি, একজন ভাই’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও মোদি ইসরাইলের সঙ্গে ভারতের অংশীদারিত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত গাজা শান্তি উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং মধ্যপ্রাচ্যে টেকসই ও ন্যায়ভিত্তিক শান্তির আশা ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর কথাও বলেন।
বর্তমানে ভারত ইসরাইলি প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করেছে ভারত। ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের পর অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
তবে এই সফরকে ঘিরে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির নেতারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রসঙ্গ তুলে সরকারের অবস্থানের সমালোচনা করেছেন।
ইসরাইলের দৈনিক হার্টজ–এর সাংবাদিক গিডন লেভি আল জাজিরাকে বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মোদির সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে সমালোচনা থাকলেও এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনেও ইসরাইলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মোদির।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন