এ সম্পর্কিত আরও খবর
চলমান যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত, আহত ২০০
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম
-
ছবি: সংগৃহীত
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। আহতের সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে।
সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আহতদের অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন। এর মধ্যে প্রায় ১৮০ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন, আর ১০ জনের অবস্থা গুরুতর। এসব সেনা কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, ইরাক ও ইসরাইলে বিভিন্ন হামলায় আহত হন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইরান ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে। সংঘাত শুরুর পর থেকেই এই হামলা-পাল্টা হামলায় মার্কিন সেনাদের হতাহতের ঘটনা ঘটছে।
সোমবার নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, এ যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রায় এক ডজন এমকিউ-৯ ড্রোন হারিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সেন্টকম জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
এদিকে যুদ্ধ শুরুর পরদিন, ১ মার্চ ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনায় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভুলবশত কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ধ্বংস হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন