এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলের নির্যাতনে ৬০ কেজি ওজন হারিয়েছেন সাংবাদিক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:৫৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ইসরাইলের কারাগারে দীর্ঘদিন আটক থাকার সময় নির্যাতনের শিকার হয়ে প্রায় ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোউদি। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে এক বছর আটক রাখা হয়েছিল।
গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুক্তি পাওয়ার পর তার শারীরিক অবস্থা দেখে উপস্থিত অনেকেই বিস্মিত হন। আগে সুস্থ-সবল থাকলেও এখন তিনি অত্যন্ত দুর্বল ও ক্ষীণকায় অবস্থায় আছেন।
পশ্চিম তীরের জেনিন শহরে কর্মরত এই সাংবাদিক স্থানীয়ভাবে সুপরিচিত। গত বছরের ২৯ এপ্রিল সেখান থেকেই তাকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থ সহায়তা দিয়েছেন। তবে এই অভিযোগের ভিত্তিতে কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। বরং তাকে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ ব্যবস্থায় আটক রাখা হয়।
এই পদ্ধতির মাধ্যমে ইসরাইল দীর্ঘদিন ধরে বহু ফিলিস্তিনিকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখছে, যা আন্তর্জাতিক মহলে সমালোচিত। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এটি ফিলিস্তিনি ও আরব ইসরাইলি নাগরিকদের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুক্তির পর আলি সামোউদি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। সেখানে তিনি জানান, আটক অবস্থায় তার ওজন প্রায় ৬০ কেজি কমে গেছে।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, আটক ফিলিস্তিনিদের পর্যাপ্ত খাবার ও চিকিৎসা না দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন