এ সম্পর্কিত আরও খবর
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে গরু, বলদ, বাছুর ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এখন থেকে এসব পশু জবাই করতে হলে বাধ্যতামূলকভাবে সরকারি ‘ফিট-ফর-স্লটার’ বা জবাই উপযোগী সনদ নিতে হবে। গত বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকাশ্য স্থান বা খোলা জায়গায় পশু জবাইও নিষিদ্ধ করা হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, বলদ, বাছুর, মাদি ও পুরুষ মহিষ এবং খাসি করা মহিষ জবাইয়ের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। প্রয়োজনীয় সনদ ছাড়া কেউ এসব পশু জবাই করতে পারবেন না।
নতুন নির্দেশনা অনুযায়ী, পশু জবাইয়ের আগে সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশুচিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে। পশুর বয়স, শারীরিক অবস্থা ও কর্মক্ষমতা যাচাই করেই এই সনদ দেওয়া হবে।
বিধিতে বলা হয়েছে, জবাইয়ের জন্য পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। এছাড়া বার্ধক্য, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা দীর্ঘমেয়াদি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পশুটি স্থায়ীভাবে অক্ষম কি না, তাও পরীক্ষা করা হবে।
কোনো আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। তবে অনুমতি পেলেও রাস্তাঘাট বা জনসমক্ষে পশু জবাই করা যাবে না। সরকার অনুমোদিত কসাইখানাতেই জবাই সম্পন্ন করতে হবে।
নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এসব অপরাধ বিচারযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ প্রশাসনের দাবি, পশুর প্রতি নিষ্ঠুরতা কমানো এবং আইনসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিভিন্ন রায়ের তথ্যও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন