এ সম্পর্কিত আরও খবর
ভারতের উত্তরপ্রদেশে ঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১১
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:২৫ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে আঘাত হানা ভয়াবহ কালবৈশাখী ঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
গত বুধবার (১৩ মে) উত্তরপ্রদেশজুড়ে বয়ে যাওয়া প্রবল ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, উপড়ে পড়ে শত শত গাছ। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও ব্যাহত হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্যোগের ভয়াবহ চিত্র দেখা গেছে।
উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথমে নিহতের সংখ্যা ৮৯ বলা হলেও পরে তা বেড়ে ১১১ জনে দাঁড়ায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ নিহতের সংখ্যা ১১৭ বলে দাবি করেছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি। প্রায় ২৪ কোটির বেশি মানুষের বাস উত্তরপ্রদেশে। প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগে গ্রীষ্মকালে এ ধরনের ঝড়-বজ্রপাত সেখানে বড় ধরনের প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।
ঝড়ের সময় বেরেলি জেলায় ঘটে যাওয়া একটি ঘটনা দেশজুড়ে আলোচনায় এসেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ঝোড়ো বাতাসে ঘরের টিনের চালের সঙ্গে একজন ব্যক্তি আকাশে উঠে যাচ্ছেন। পরে জানা যায়, নানহে আনসারি নামের ওই শ্রমিক প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, ঝড়ের সময় দড়ি দিয়ে টিনের চাল বেঁধে রাখার চেষ্টা করছিলেন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর সাম্প্রতিক বছরগুলোতে চরম আবহাওয়ার প্রকোপ বাড়ার বিষয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার কারণে বজ্রঝড় ও বজ্রপাতের তীব্রতা আগের তুলনায় বেড়েছে।
এদিকে, উত্তরপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন