এ সম্পর্কিত আরও খবর
হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্যে করায় মমতার বিরুদ্ধে এফআইর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগটি দায়ের করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং। রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অজামিনযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জনমনে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে দেওয়া তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগকারী আরও দাবি করেন, এ ধরনের মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার বক্তব্যের ব্যাপক প্রভাব থাকায় বিষয়টির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
তবে অভিযোগ গ্রহণের পর পুলিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজ সরকার পরিবর্তন হলেও আমি সব জানি। আমার কাছে অনেক তথ্য রয়েছে। এতদিন আমি কিছু বলিনি। নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন