এ সম্পর্কিত আরও খবর
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ২৩৫, চলছে উদ্ধার অভিযান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১১:২৩ এএম
-
ছবি: সংগৃহীত
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলার কয়েকটি অঞ্চল। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবন ধস ও অবকাঠামো ক্ষতিতে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ।
বৃহস্পতিবার ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন। উদ্ধারকাজ চললেও মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার বিকেলে রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৩৯ সেকেন্ড পর একই এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প। পরপর ভূমিকম্পের পর রাতভর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ স্বজনদের সন্ধানে হাসপাতাল, উদ্ধারকেন্দ্র ও ক্ষতিগ্রস্ত এলাকার আশপাশে ভিড় করছেন স্বজনরা। আহতদের অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার তৎপরতা প্রত্যাশার তুলনায় ধীরগতিতে চলছে। অনেক মানুষ এখনো ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। নিহতের সংখ্যা ১৬৪ থেকে বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫২০ জনে। এছাড়া ২০০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
ইউএসজিএসের পূর্বাভাসভিত্তিক মডেল অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এমনকি তা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। সেখানে হাজারো মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
ভূমিকম্পে রাজধানীর কাছে মাইকেতিয়া বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির কারণে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, ফলে জরুরি সহায়তা ও উদ্ধারকারী দলের পৌঁছাতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।
কারাকাসের হাসপাতালগুলোতে আহতদের চাপ সামলাতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কিছু সরকারি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন