এ সম্পর্কিত আরও খবর
‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:২৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ দায়িত্ব পালনকালে নিহত ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সার্জেন্ট রয়েছেন।
সরকার জানিয়েছে, দেশের জন্য জীবন উৎসর্গ করা এসব সেনাসদস্যের নাম নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘ত্যাগ চক্রে’ খোদাই করে সংরক্ষণ করা হবে।
নিহত ছয় সদস্য হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে নিহত সেনাসদস্যদের তালিকার সঙ্গে এবার প্রথমবারের মতো ‘অপারেশন সিঁদুর’-এ নিহত এই ছয় সদস্যের নামও যুক্ত করা হয়েছে।
জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘ত্যাগ চক্র’ দেশের জন্য আত্মত্যাগকারী সেনাদের স্মরণে নির্মিত। সেখানে স্বাধীনতার পর থেকে শহীদ সেনাদের নাম, পদবি ও ইউনিট খোদাই করা রয়েছে।
গত বছরের ৭ মে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে কথিত সন্ত্রাসী স্থাপনায় হামলা চালায় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
এর পাল্টা জবাবে পাকিস্তান হামলা চালালে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ, ড্রোন হামলা ও সীমান্তে সংঘর্ষ শুরু হয়। চার দিন ধরে চলা ওই উত্তেজনা ১০ মে শেষ হয়।
ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ‘সিঁদুর’ নামটি প্রতীকীভাবে বেছে নেওয়া হয়েছিল। পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি প্রতীকী বার্তা হিসেবে এই নামকরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন