এ সম্পর্কিত আরও খবর
বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’: নিহত ৪৩ দাবি পাকিস্তানের
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
-
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ‘অপারেশন শাবান’-এ আরও ১৭ জন ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ নিয়ে এই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের লক্ষ্য ছিল হামলায় জড়িত সশস্ত্র ব্যক্তিদের দমন করা।
এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র ব্যক্তিরা ওই পুলিশ চৌকিতে হামলা চালায়। প্রাথমিক প্রতিরোধে পুলিশ ১৫ জন হামলাকারীকে হত্যা করলেও সংঘর্ষে ৯ জন পুলিশ সদস্য নিহত হন।
তিনি জানান, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। জিম্মিদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় অভিযান চলছিল। নিরাপত্তা বাহিনীর অবরোধ জোরদার হলে হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলায় মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত হন। ওই অভিযানে ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার দাবি করা হয়েছে।
এদিকে খুজদারের একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা নস্যাৎ করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাল্টা অভিযানে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস আরও ৮ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ‘অপারেশন শাবান’ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অন্যান্য অভিযানে এখন পর্যন্ত মোট ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া পৃথক হেলিকপ্টার অভিযানে আরও ৫ থেকে ৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে।
তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন