এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের আরও ২ বছরের কারাদণ্ড
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযোগ অনুযায়ী, তিনি এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৭৯ হাজার ৮০০ মার্কিন ডলার) মূল্যের জনমত জরিপ সেবা বিনামূল্যে গ্রহণ করেছিলেন।
সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিউলের একটি জেলা আদালত রায়ে উল্লেখ করেছেন, ইউন সুক-ইওল কোনো অর্থ পরিশোধ না করে মোট ১৪টি জনমত জরিপের সুবিধা নিয়েছিলেন। আদালতের মতে, এটি দেশটির রাজনৈতিক তহবিল আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, ওই সুবিধার প্রতিদান হিসেবে ইউন তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একজন সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে সহায়তা করেছিলেন।
তবে ইউন সুক-ইওল শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কখনও এমন কোনো জনমত জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনো প্রতিশ্রুতিও দেননি।
আদালত জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।
৬৫ বছর বয়সী ইউন সুক-ইওল বর্তমানে একাধিক মামলার মুখোমুখি। ২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ওই মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আপিল করেছেন।
এ ছাড়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আরেকটি মামলার রায় বহাল রাখে। ওই মামলায় গ্রেপ্তারের চেষ্টা ব্যাহত করার অভিযোগে তার সাত বছরের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন