এ সম্পর্কিত আরও খবর
উত্তপ্ত দিল্লি, লাঠিচার্জ-কাঁদানে গ্যাসেও থামেনি সিজেপির সংসদ অভিযান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
-
ছবি: সংগৃহীত
প্রায় ২০ হাজার আন্দোলনকারীর মিছিলে উত্তেজনা, আটক বহু বিক্ষোভকারী; যন্তর মন্তর থেকে পার্লামেন্টমুখী পদযাত্রায় পুলিশের সঙ্গে সংঘর্ষ।
সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন রাজধানী দিল্লিতে সংসদ অভিযানে নামে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েও বিক্ষোভকারীদের পুরোপুরি ঠেকাতে পারেনি দিল্লি পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের মিছিল সংসদ ভবনের দিকে এগিয়ে আসতেই নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় সংসদে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদ অভিযানের ঘোষণা ঘিরে আগে থেকেই উচ্চ সতর্কতায় ছিল দিল্লি পুলিশ। যন্তর মন্তর থেকে শুরু হওয়া লং মার্চ পার্লামেন্টের দিকে অগ্রসর হলে শ্রমশক্তি ভবনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এসব পদক্ষেপের পরও আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বাসে করে অন্যত্র সরিয়ে নেয় পুলিশ।
সিজেপির নেতাদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ ও দমনমূলক আচরণ করেছে। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবারের এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন, যাদের অধিকাংশই ছাত্র ও তরুণ।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। একই সঙ্গে গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যেই দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বিরোধী রাজনৈতিক দল, শিল্পী ও নাগরিক সমাজের একাংশের সমর্থন পায়।
এদিকে, গত শনিবার অনশনরত ৫৯ বছর বয়সী জলবায়ু ও শিক্ষা আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুককে অসুস্থতার কারণ দেখিয়ে যন্তর মন্তর থেকে হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। সেই ঘটনার জেরেও সোমবারের সংসদ অভিযানকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন