এ সম্পর্কিত আরও খবর
জেন-জি বিক্ষোভ ঘিরে উত্তপ্ত ভারত; রাহুলের দফা ৫ দাবি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
জেন-জি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অভিযানের জেরে মঙ্গলবার ভারতের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ধর্না, বিক্ষোভ, বিরোধী নেতাদের আটক এবং পাল্টাপাল্টি বক্তব্যে দিনজুড়ে উত্তেজনা বিরাজ করে। এ পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। ফলে বুধবারও সংসদে এ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত অব্যাহত থাকার ইঙ্গিত মিলেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে লোক কল্যাণ মার্গে অবস্থান কর্মসূচিতে অংশ নিলে রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতের দিকে তাদের মুক্তি দেওয়া হয়।
আটকের পর রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াংকা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী থানায় গিয়ে প্রিয়াংকার সঙ্গে সাক্ষাৎ করেন। রাত প্রায় ৯টার দিকে দুই ভাইবোনকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তির আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী মোদি সরকারের কাছে পাঁচটি দাবি জানান। সেগুলো হলো:
* স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
* শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
* শিক্ষার্থীদের ওপর অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
* বিষয়টি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা।
* শিক্ষা ও পরীক্ষাব্যবস্থায় দ্রুত সংস্কার।
রাহুল গান্ধী অভিযোগ করেন, সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগও দাবি করেন।
শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁস, উচ্চ শিক্ষার ব্যয় এবং সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়ে মানুষের ন্যায্য প্রশ্ন রয়েছে। এসব প্রশ্ন তোলাকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়।
তিনি আরও বলেন, বিরোধী দল চায় বুধবার লোকসভা ও রাজ্যসভায় এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হোক। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, তাদের ন্যায্য দাবির পক্ষে যারা লড়াই করছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
এদিকে, নিটসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ও বিরোধী দলের বিরোধ আরও তীব্র হয়েছে। এ সংকটে দেশের লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করছে বিরোধীরা।
এর আগে ধর্নাস্থলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং প্রায় আধা ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন এবং তার দাবিগুলো শোনেন।
পরে জিতেন্দ্র সিং অভিযোগ করেন, সংসদে আলোচনা চাওয়ার আগের অবস্থান থেকে সরে এসে এখন রাহুল গান্ধী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তার ভাষায়, একজন জ্যেষ্ঠ নেতার এ ধরনের অবস্থান পরিবর্তন দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, সরকার নিট ও সংশ্লিষ্ট আন্দোলন নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত।
অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কংগ্রেসের সমালোচনা করেন। তার অভিযোগ, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পরিবর্তে কংগ্রেস রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ব্যবহার করছে। সরকারের আলোচনার প্রস্তাব থাকা সত্ত্বেও কংগ্রেস গণতান্ত্রিক বিতর্কের বদলে রাজনৈতিক নাটক বেছে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন