এ সম্পর্কিত আরও খবর
‘ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে’, মোদির বক্তব্য চেয়ে পার্লামেন্টে আখিলেশের তোপ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
-
ছবি: সংগৃহীত
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য দাবি করে ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান আখিলেশ যাদব। বুধবার (২২ জুলাই) লোকসভায় তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায় সরকার এড়াতে পারে না।
লোকসভায় বক্তব্যে আখিলেশ যাদব বলেন, ‘আপনারা যদি শিক্ষার্থীদের কথা না শোনেন, তাহলে তারা রাস্তায় নামবেই।’
তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। এভাবেই কি শিক্ষার্থীদের সঙ্গে আচরণ করা হয়?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে আখিলেশ বলেন, ‘আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সঙ্গে আচরণ করা হবে?’ একই সঙ্গে তিনি এ ঘটনায় প্রধানমন্ত্রীকে সংসদে বক্তব্য দেওয়ার দাবি জানান।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের ধর্না কর্মসূচির প্রসঙ্গ টেনে আখিলেশ যাদব বলেন, প্রধানমন্ত্রী সংসদে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানানোয় বিরোধী দলকে তার বাসভবনের সামনে গিয়ে প্রতিবাদ করতে হয়েছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সংসদের বাইরে শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে পারেন, তাহলে সংসদের ভেতরে কেন বক্তব্য দিতে পারবেন না?’
মঙ্গলবার লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য নেতার সঙ্গে আখিলেশ যাদবকেও পুলিশ আটক করেছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আখিলেশ বলেন, ‘রাহুল গান্ধী ও আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলাম। প্রধানমন্ত্রী যদি সংসদে আমাদের কথা শুনতেন, তাহলে তার বাসভবনের সামনে যেতে হতো না।’
এদিকে বিরোধী দল সংসদে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানিয়ে আসছে।
অন্যদিকে সরকার জানিয়েছে, তারা নিট (এনইইটি) ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত। তবে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সমন্ত্রী কিরেন রিজিজুর অভিযোগ, বিরোধী দল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে আলোচনা বিলম্বিত করছে।
বুধবার শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদ এবং আগের দিন রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের আটকের ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন