এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে ধালিয়ায় সংঘর্ষে ৪ সেনা, ২৩ হুথি নিহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
-
ছবি: সংগৃহীত
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ধালিয়া প্রদেশে “তীব্র সংঘর্ষে” চার সেনা ও হুথি গোষ্ঠীর ২৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ২০২২ সালে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রদেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই বলে জানিয়েছে তারা।
সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ধালিয়া ফ্রন্টের মিডিয়া সেন্টার জানায়, ফাখের ও আল-জুব ফ্রন্টে হুথিদের সঙ্গে সংঘর্ষে চার সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।
মিডিয়া সেন্টারটি জানায়, সংঘর্ষে দুই কমান্ডারসহ ২৩ হুথি সদস্য নিহত হয়েছে এবং আরও সাতজনকে আটক করা হয়েছে।
সংঘর্ষ শুরু হওয়ার পর ধালিয়ায় লড়াইয়ে অংশ নেওয়া সরকারি বাহিনীকে সহায়তা করতে বড় ধরনের সামরিক শক্তিবৃদ্ধি পৌঁছেছে বলেও জানায় তারা।
২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রদেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে জানিয়েছে সরকারি পক্ষ। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকট চলার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে জাওফ, ধালিয়া ও তাইজসহ কয়েকটি প্রদেশে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। দুই পক্ষের মধ্যে পারস্পরিক হুমকিও বেড়েছে।
বিক্ষিপ্ত সংঘর্ষ চললেও ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছে। দেশটিতে ১১ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠী মুখোমুখি অবস্থানে রয়েছে। ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর থেকে রাজধানী সানা-সহ কয়েকটি প্রদেশ ও শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথিরা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ১ম তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউজ এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন