এ সম্পর্কিত আরও খবর
কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত ডলফিন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় আবারও মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় বাড়ছে পরিবেশগত উদ্বেগ। বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে একটি ডলফিনের মৃতদেহ তীরে ভেসে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী ডলফিন। গোলাকার মাথা ও ছোট ঠোঁটবিশিষ্ট এই বিরল প্রজাতির ডলফিন সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও নদীতে বিচরণ করে। সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু মানে উপকূলীয় পরিবেশের মারাত্মক অবনতি। দ্রুত কারণ শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, বারবার ডলফিন ও কচ্ছপের মৃতদেহ ভেসে আসা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।
এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পরে ডলফিন রক্ষা কমিটি, পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেন।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই এখনই প্রয়োজন সমন্বিত ও কার্যকর পদক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন