এ সম্পর্কিত আরও খবর
শুধু শুভেচ্ছা নয়, মায়েদেরও দরকার যত্ন
- মুনতাসির মাহমুদ
- প্রকাশ : ১০ মে ২০২৬, ০৭:৩৭ পিএম
-
ছবি: সংগৃহীত
মাদার্স ডে যখন শুধু ফুল আর উপহারের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, তখন প্রশ্ন উঠছে-মায়েরা কি নিজেদের জন্যও একটু সময় রাখছেন?
১৯০৮ সালে Anna Jarvis যখন মাদার্স ডের সূচনা করেছিলেন, তখন তাঁর স্বপ্ন ছিল একটাই-সন্তানেরা যেন তাদের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানায়, ভালোবাসা প্রকাশ করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উদযাপনের ধরন বদলে গেছে। ফুল, চকলেট, কার্ড আর বিপণিবিতানের রঙিন বিজ্ঞাপনে দিনটির মূল সুর অনেকটাই চাপা পড়ে গেছে। এমনকি আনা জার্ভিস নিজেও জীবনের শেষদিকে এই বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছিলেন। তবে এই আলোচনার মাঝেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই আড়ালে থেকে যায়-মা নিজে কেমন আছেন?
“আমরা এত শুভেচ্ছা জানাই, এত ফুল দিই যে কখনো কখনো ভুলেই যাই-মায়েদেরও একটি আলাদা পরিচয় আছে। শুধু সন্তানের মা হওয়াই তাঁর একমাত্র পরিচয় নয়।”
এই বিশ্ব মা দিবসে তাই উদযাপনের সংজ্ঞাটাও বদলে দেওয়ার কথা ভাবছেন অনেকে। শুধু মাকে শুভেচ্ছা জানানো নয়, বরং মায়েরা যেন নিজেরাও নিজেদের উদযাপন করতে পারেন-সেই ভাবনাটাই এখন সামনে আসছে।
আমাদের সমাজে মা মানেই ত্যাগ, মা মানেই অন্যের জন্য নিজেকে বিসর্জন দেওয়া-এই ধারণা এতটাই গভীরে গেঁথে আছে যে, অনেক মা নিজের চাওয়া-পাওয়ার কথা ভাবতেও দ্বিধা করেন। অথচ মনোবিজ্ঞানীরা বলছেন, একজন মা যখন নিজের যত্ন নেন, নিজেকে ভালোবাসেন, তখন তিনি তাঁর সন্তানকেও আরও সুন্দরভাবে ভালোবাসতে পারেন।
তাই এই মাদার্স ডেতে চাওয়াটা একটু ভিন্ন হোক। শুধু মাকে গোলাপ দেওয়াই নয়-মাকে একটু বিশ্রাম দিন, তাঁর পছন্দের কাজটি করতে দিন, তাঁর সঙ্গে গল্প করুন তাঁর নিজের স্বপ্ন নিয়ে। আর মায়েরা, আজ একটু নিজের জন্যও বাঁচুন।
লেখক, মুনতাসির মাহমুদ
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন