এ সম্পর্কিত আরও খবর
নেইমারের ফেরা নিয়ে অনিশ্চয়তা, গ্রুপ পর্বে মাঠে নামা কঠিন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
-
ছবি: সংগৃহীত
ব্রাজিলের বিশ্বকাপ দলে শুরু থেকেই ছিলেন নেইমার। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাকে দেখা যায়নি মাঠে। মরক্কোর বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি এই তারকা ফুটবলারকে। ম্যাচটি ড্র হওয়ায় হতাশ হন নেইমার, তবে পরে ড্রেসিংরুমে গিয়ে সতীর্থদের উৎসাহ দেন তিনি।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই জানিয়েছিলেন, নেইমার দ্রুত মাঠে ফিরতে পারেন। কিন্তু এখন পর্যন্ত দলের কোনো অনুশীলনেই দেখা যায়নি তাকে। ফলে তার ফিটনেস ও মাঠে ফেরার সময় নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলে চোট পান নেইমার। পরীক্ষায় তার ‘গ্রেড টু’ ইনজুরি ধরা পড়ে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত বেশ কিছুটা সময় প্রয়োজন হয়। চোট নিয়েই বিশ্বকাপের দলে জায়গা পেলেও এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি।
ইএসপিএন সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষার ফল আবারও যাচাই করাচ্ছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।
ব্রাজিলের গণমাধ্যমগুলোর দাবি, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে দলের মেডিকেল স্টাফরা এখনো আশাবাদী। তাদের মতে, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকভাবে এগোলে নকআউট পর্বের আগেই দলে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।
নেইমার না থাকায় আক্রমণভাগে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো খেলোয়াড়দের। ব্রাজিলের লক্ষ্য এখন এই তারকাকে ছাড়াই পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল করে পরের রাউন্ড নিশ্চিত করা।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে তারা। এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
সব মিলিয়ে নেইমারের বিশ্বকাপে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত। তবে ব্রাজিল শিবির আশা করছে, সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আবারও মাঠে দেখা যেতে পারে তাকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন